ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ‘নাগরিকতা’র উদ্যোগে নাগরিক অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত

নাগরিক অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং সবার জন্য সমতাভিত্তিক সরকারি ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিজিং দ্য গ্যাপ: ইনক্লুসিভ ডায়ালগস, ইকুইটেবল সার্ভিসেস’ শীর্ষক নাগরিক সংলাপ।
  • আপলোড তারিখঃ 05-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 167 জন
ময়মনসিংহে ‘নাগরিকতা’র উদ্যোগে নাগরিক অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নাগরিক অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিতের আহ্বান

ময়মনসিংহ প্রতিনিধি:

নাগরিক অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং সবার জন্য সমতাভিত্তিক সরকারি ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিজিং দ্য গ্যাপ: ইনক্লুসিভ ডায়ালগস, ইকুইটেবল সার্ভিসেস’ শীর্ষক নাগরিক সংলাপ।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ নগরীর ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ‘নাগরিকতা’ (NAGORIKATA)-এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন স্তরের নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংলাপের মূল প্রতিপাদ্য ছিল ‘Bridging the Gap: Inclusive Dialogues, Equitable Services’। নাগরিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমানো, পারস্পরিক বোঝাপড়া তৈরি এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সেবাব্যবস্থা নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আলোচনায় নাগরিকদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, সামাজিক বৈষম্য, তথ্যের অভাব এবং প্রাতিষ্ঠানিক জটিলতা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব শ্রেণির মানুষের সমান অধিকার, মর্যাদা ও সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, নাগরিকদের প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতা সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরা এবং কার্যকর যোগাযোগের ক্ষেত্র তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে সেবাব্যবস্থাকে আরও জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ কার্যক্রমে অংশীদার হিসেবে রয়েছে কানাডা ও সুইজারল্যান্ড। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং ‘নাগরিকতা—সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’-এর সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

সংলাপে অংশগ্রহণকারীরা নাগরিক সম্পৃক্ততা, সামাজিক জবাবদিহি, মতপ্রকাশের স্বাধীনতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সেবা গ্রহণে বিদ্যমান বৈষম্য দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সংলাপ শুধু মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং আলোচনায় উঠে আসা সমস্যা ও সুপারিশের ভিত্তিতে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

সবার জন্য সমান অধিকার, মর্যাদা ও সেবা নিশ্চিত করার প্রত্যয়ে ময়মনসিংহে ‘নাগরিকতা’র এ আয়োজন নাগরিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন